ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে”: আর্জেন্টিনা-মিশর ম্যাচ বিতর্কে নিউইয়র্কের মেয়র মামদানি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয় নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। রেফারির একাধিক পক্ষপাতমূলক সিদ্ধান্ত এবং ভিএআর (VAR) প্রযুক্তির রহস্যজনক ব্যবহার নিয়ে খোদ ফুটবল অঙ্গনেই যখন ক্ষোভের আগুন জ্বলছে, তখন সেই বিতর্কে এবার ঘি ঢাললেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়েছেন, মঙ্গলবার রাতের ওই ম্যাচে মিশরকে রীতিমতো ‘ডাকাতি’ করে হারানো হয়েছে।

এদিকে বিতর্কিত রেফারিংয়ের তীব্র নিন্দা জানিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা দাবি করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার রাতের সেই হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে চরম বিপর্যয়ে ছিল আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের শেষ ১১ মিনিটে এক অবিশ্বাস্য ও নাটকীয় প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টি মিস করার পর দলের সমতাসূচক গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার এই জয় ছাপিয়ে পুরো ম্যাচ জুড়েই ফুটবল বিশ্বের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বিতর্কিত রেফারিং।

মিশরের পেনাল্টি নাকচ ও গোল বাতিল নিয়ে ম্যাচ শেষে তোপ দেগেছেন কোচ হোসাম হাসান।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি সরাসরি অভিযোগ এনে বলেন, “আমরা মাঠে কোনো ফেয়ার প্লে বা নুন্যতম সম্মান পাইনি। আমাদের একটি নিশ্চিত গোল অদ্ভুতভাবে ভিএআর পর্যালোচনার মাধ্যমে বাতিল করা হয়েছে, অথচ আমাদের পক্ষে আরেকটি সম্ভাব্য পেনাল্টির ঘটনা ভিএআর স্ক্রিনে দেখাই হয়নি। পুরো ম্যাচজুড়ে স্পষ্ট মনে হয়েছে রেফারির ওপর কোনো এক অদৃশ্য মহলের প্রচণ্ড চাপ ছিল।” এই উত্তেজনার মধ্যেই নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শহরের নতুন বাস লেন প্রকল্পের এক বিজ্ঞপ্তির সাথে রসিকতার ছলে লেখেন, “নিউইয়র্কবাসী এখন সময় বাঁচিয়ে অন্তত এক জায়গায় বন্ধুদের সঙ্গে একমত হতে পারবে যে— গত ম্যাচে মিশরকে স্রেফ ডাকাতি করে হারানো হয়েছে।”