ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা ফেরত চাওয়ায় বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ (৩৩) ওই এলাকার আজিজ শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধ নিয়ে কয়েকজনের সঙ্গে আরিফের দ্বন্দ্ব চলছিল।
শুক্রবার গভীর রাতে কৌশলে ঘর থেকে ডেকে নিয়ে গলিতে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছোট বোন রুমি আফরিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সেলিম, তার ভাগনে শুভ ও জীবন নামে তিনজন সরাসরি জড়িত।
তিনি বলেন, মামার পরিবারের সঙ্গে আর্থিক বিরোধ ছিল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় ডেকে নিয়ে হত্যা করা হয়।

তবে পরিবারের অভিযোগের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।