প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মুহাম্মাদ শাফিন সরোয়ার। একই সঙ্গে বিভিন্ন মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে সে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে।
মুহাম্মাদ শাফিন সরোয়ার সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র শরীয়তপুর শাখার কর্মকর্তা মো. রফিকুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। বর্তমানে সে মাদারীপুরের শাহীন স্কুলে অধ্যয়নরত।
জানা গেছে, জাতীয় পর্যায়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পাশাপাশি মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় জেলার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে শাফিন। এছাড়া শাহীন শিক্ষা পরিবারের আয়োজিত বৃত্তি পরীক্ষাতেও সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। তার এসব অর্জন পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।
শিক্ষকরা বলেন, শাফিন একজন মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। নিয়মিত অধ্যবসায় এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই সে একের পর এক সাফল্য অর্জন করছে।
ছেলের এ সাফল্যে বাবা মো. রফিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন। তারা শাফিনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির সেবায় নিজেকে একজন যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের কাছে দোয়া কামনা করেছেন।