ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাত থেকে তুমুল বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। কোনো কোনো এলাকায় হাঁটুসমান পানি জমেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (১২ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে শেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিনভর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
জলাবদ্ধ পরিস্থিতির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা খুব কম।

অফিস-আদালতের উদ্দেশ্যে বের হওয়া মানুষ বিপাকে পড়েছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছাচ্ছে।
কয়েকটি স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই তারা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।

অফিসগামী একজন বলেন, সকাল থেকেই রেডি হয়ে অপেক্ষায় আছি। তবে বৃষ্টি না থামায় বাধ্য হয়ে ভিজে ভিজে অফিসে যেতে হচ্ছে।

অন্যদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।