ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনা সভা ও ফল উৎসবে প্রাণবন্ত শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে ঘিরে জেলার সাংবাদিকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও মিলনমেলার আবহ।
রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন।
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়। এতে দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদকে সভাপতি, চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময়-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দকে কোষাধ্যক্ষ এবং নওরোজ-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওছার হোসেনকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এ ছাড়া সৈকত চন্দ্র দত্ত (গণমুক্তি), ফিরোজ খান (ডেইলি ইন্ডাস্ট্রি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (ডেইলি আর্থ), মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ) এবং মনির হোসেন (খবরের আলো)-কে সংগঠনের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন গড়ে তোলা হবে, যা জেলার সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয় এবং সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে আনন্দঘন সময় কাটান।