ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃষ্টি উপেক্ষা করেও ফরিদপুরের ভাঙ্গায় রাস্তার দুপাশে নেতাকর্মীদের দীর্ঘ সারি।
ভাঙ্গা উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষসহ বিএনপি নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ভাঙ্গা উপজেলা অতিক্রম করেন।
হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীসহ সবাইকে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে ভাঙ্গায় অবস্থান নেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছিল দেখার মতো।

পরে তারেক রহমানের গাড়িবহর ভাঙ্গায় পৌঁছলে বগাইল টোল প্লাজা থেকে চুমুরদি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার মহাসড়ক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

কালামৃধা থেকে আসা লাইলী বেগম নামের এক বৃদ্ধা বলেন, তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমি ১৫ কিলোমিটার দূর থেকে এসেছি।
তাকে আমি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছি। তাকে জীবনে এ প্রথম সরাসরি দেখতে পেলাম।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেছেন, আমরা মালিগ্রাম থেকে শুরু করে চুমুরদি পর্যন্ত মহাসড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছি।
প্রধানমন্ত্রী সবাইকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা বলেন, প্রধানমন্ত্রী সড়কপথে ভাঙ্গা হয়ে দক্ষিণবঙ্গ সফরে গেছেন।
প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন হাজার হাজার বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।