ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদায় আটকাল বরযাত্রী : কাঁধে চড়ে বিয়ের আসরে কুড়িগ্রামের বর

টানা বৃষ্টিতে সড়কের বেহাল দশার কারণে কুড়িগ্রামের রাজারহাটে এক কিলোমিটার কাদামাখা পথ অন্যের কাঁধে চড়ে পাড়ি দিতে হয়েছে এক বরকে। কাঁচা রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে এই অভিনব পন্থায় বরযাত্রী দল কনের বাড়ির উদ্দেশে রওনা দেয়।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বর বহনের এই দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের সড়ক সংস্কার নীতি নিয়ে তীব্র সমলোচনা শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বছরের পর বছর এই দুর্ভোগের কথা স্বীকার করলেও কোনো সমাধান পাননি গ্রামবাসী।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। বরযাত্রার দিন বাড়ি থেকে বের হতেই এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি কর্দমাক্ত অবস্থায় সামনে আসে। কোনো ধরনের যানবাহন চলাচলের সুযোগ না থাকায় বরের বন্ধু ও স্বজনরা তাকে পর্যায়ক্রমে কাঁধে তুলে নিয়ে কাদা পার করেন।

ছিনাই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম জানান, ভাটিগ্রাম থেকে বৃদ্ধের বাজার পর্যন্ত সড়কটির অবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতেই সেখানে ধান চাষের মতো পরিস্থিতি তৈরি হয়। একাধিক সরকারি দপ্তরে লিখিত আবেদন জমা দিলেও আজ পর্যন্ত সড়কটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে এই এক কিলোমিটার পথের কারণে পুরো এলাকার হাজারো মানুষ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েন।