ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন শরীয়তপুরের ডিসি তাহসিনা বেগমসহ ১৭৯ কর্মকর্তা

প্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকারী ১০ জন জেলা প্রশাসক (ডিসি)। তাঁদের মধ্যে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমও রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন— গাজীপুরের মো. নূরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ফরিদা খানম, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, মাগুরার মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও সরকারি দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়ায় ১৭৯ জন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের নিয়মিত ব্যাচ হিসেবে ২৫তম ব্যাচের ৯৯ জন, ২১ ও ২২তম ব্যাচের ৩৩ জন এবং ২৪তম ব্যাচের ৪৭ জন কর্মকর্তা রয়েছেন।
জনপ্রশাসনে এ পদোন্নতিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবেন।