ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ভালোবাসা ও আস্থার প্রতি কৃতজ্ঞতা জানালেন এসইউজের সাধারণ সম্পাদক আল-আমিন শাওন

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল, ডেইলি সান ও ফেয়ার নিউজ সার্ভিসের (এফএনএস) শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন (এলএল.বি.) তাঁকে পুনরায় দায়িত্ব অর্পণ করায় সাংবাদিক, সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্প্রতি এক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বার্তায় তিনি বলেন, মানুষের জীবনের প্রকৃত সম্পদ অর্থ-বিত্ত নয়; বরং মানুষের ভালোবাসা, আস্থা, শ্রদ্ধা ও দোয়া। মহান আল্লাহর অশেষ রহমতে জীবনের বিভিন্ন সময়ে মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছেন, সেটিই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং আগামী দিনের পথচলার প্রধান অনুপ্রেরণা।
তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আপনাদের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস আমাকে প্রতিনিয়ত সাহস জুগিয়েছে। আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, দোয়ায় স্মরণ রেখেছেন এবং দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন, তা আমার জীবনের পরম প্রাপ্তি। আমার যদি কোনো প্রকৃত সম্পদ থেকে থাকে, তবে তা আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস।”
আল-আমিন শাওন আরও বলেন, দায়িত্ব যত বড় হয়, তার সঙ্গে জবাবদিহিতাও তত বৃদ্ধি পায়। তাই তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠার সঙ্গে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যেতে বদ্ধপরিকর। তিনি শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের মর্যাদা সমুন্নত রাখা, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও মানুষের ভালোবাসা ও দোয়া চিরকাল বেঁচে থাকে। মহান আল্লাহর কাছে আমার একমাত্র প্রার্থনা—জীবনের প্রতিটি ধাপে যেমন আপনাদের ভালোবাসা ও দোয়া পেয়েছি, তেমনি মৃত্যুর পরও যেন আপনাদের দোয়া থেকে বঞ্চিত না হই।”
তিনি আরও বলেন, “আপনাদের এই ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয়। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও প্রত্যাশার মর্যাদা রক্ষায় আমৃত্যু সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
সবশেষে তিনি শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য, দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু, স্বজন এবং সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের জন্য সবার দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা অক্ষুণ্ন রেখে সাংবাদিকতা, সমাজসেবা এবং জনকল্যাণে নিবেদিত থাকতে পারেন।