আগামী সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, তিনি ওয়াশিংটনে অবস্থান করবেন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সফরের সম্ভাব্য সময়সূচি বা বৈঠকের আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাষ্ট্র সফরের নির্দিষ্ট তারিখ তখনো ঠিক হয়নি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি উত্তেজনা বাড়াচ্ছে, ওরা সেখানে আপনাদের চায় না, সেনা সরিয়ে নেওয়া উচিত। একই বার্তা লেবাননের ক্ষেত্রেও দেন।
জবাবে নেতানিয়াহু সীমান্ত নিরাপত্তার জন্য নিরাপত্তা অঞ্চল বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন সামরিক উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।