জাতীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এর উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে দেশসেরা হয়েছে মাগুরার হুমাইরা ইয়াসমিন।
বুধবার (১৫ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং প্রশংসাপত্র তুলে দেন।
হুমাইরা মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে শেখপাড়া গ্রামের মঞ্জু হোসেনের মেয়ে।
এই অর্জনে গর্বিত পুরো শেখপাড়া গ্রাম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মেয়ে দেশসেরা হওয়ায় বাবা মঞ্জু হোসেন বলেন, এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না। সবসময় উৎসাহ দিয়েছি, তবে প্রধান শিক্ষিকার মাতৃতুল্য স্নেহ ও নিরলস পরিশ্রম ছাড়া এই পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না।
প্রধান শিক্ষক সামছুনাহার লাকি বলেন, হুমাইরা অত্যন্ত মেধাবী ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন। তাকে যোগ্য করে গড়তে অক্লান্ত পরিশ্রম করেছি। নিজের বাড়িতে নিয়ে নিবিড়ভাবে বক্তৃতার কলাকৌশল শিখিয়েছি, গ্রুমিং করিয়েছি। ২০১৫ সালে আমি নিজে দেশসেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছিলাম, আজ আমার ছাত্রীও দেশসেরা। শিক্ষক জীবনে এর চেয়ে বড় সার্থকতা নেই।