ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলুচিস্তানে পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ সন্ত্রাসী নিহত, মোট নিহত ১২৯

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। এ নিয়ে ৫ জুলাই থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ১২৯ জন চরমপন্থি নিহত হলো।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তান সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় গণমাধ্যম ও জনসংযোগ শাখা (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালাচ্ছে। বেলুচিস্তানের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে স্থল ও আকাশপথে একযোগে হামলা চালানো হয়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বেশ কিছু আস্তানা ধ্বংস করা হয়।

অভিযান শেষে নিহতদের আস্তানা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় সাবমেশিনগান, রকেট লঞ্চার, অত্যাধুনিক মোবাইল ফোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ভারতের মদদপুষ্ট খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে যৌথ কমান্ড।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ব্রিফিংয়ে জানান, চলতি মাসের শুরুতে বেলুচিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় বেসামরিক ও নিরাপত্তা কর্মীসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন। মাঙ্গি চেকপোস্টে বড় হামলা পুলিশ সাহসিকতার সঙ্গে প্রতিহত করে প্রাথমিক প্রতিরোধেই ১৫ হামলাকারীকে দমন করে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।