ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা ও চারুশিল্পী গোলাম মোস্তফা আর নেই

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চারুশিল্পী গোলাম মোস্তফা (৮২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা তামজিদুর রহমান মুক্তি।
গোলাম মোস্তফার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে। পরিবারের সদস্যরা জানান, জীবদ্দশায় তিনি নিজের দুই চোখ ও মরদেহ চিকিৎসা ও গবেষণার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজে দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
গোলাম মোস্তফা ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের বরেণ্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছাত্র ছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার পাশাপাশি চারুশিল্পের জগতে তিনি নিজস্ব কর্ম ও সৃজনশীলতার মাধ্যমে বিশেষ পরিচিতি অর্জন করেন।
তার মৃত্যুতে মেহেরপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে এই গুণী মুক্তিযোদ্ধা ও শিল্পীকে স্মরণ করছেন।