ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৫০ সালের আগেই টেকসই শরীয়তপুর গড়তে চাই: হুইপ অপু

শরীয়তপুরকে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের মডেল জেলায় পরিণত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তিনি বলেছেন, এমন একটি উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে চাই, যাতে ২০৫০ সালের আগেই জেলার জন্য আর কোনো বড় ধরনের উন্নয়ন প্রকল্পের প্রয়োজন না হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার, উপকারভোগীদের মাঝে অটোরিকশা এবং কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ অপু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরকে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নের আওতায় আনতে প্রতিটি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে জেলার অবকাঠামো, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আমরা এমন উন্নয়ন নিশ্চিত করতে চাই, যা আগামী কয়েক দশক ধরে জেলার মানুষের চাহিদা পূরণে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং টেকসই অবকাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে শরীয়তপুরের প্রতিটি উপজেলায় প্রয়োজনভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা উর্মী।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে পানির ফিল্টার বিতরণ করা হয়।

এছাড়া উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অটোরিকশা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করতে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠিানে বক্তারা বলেন, শিক্ষা, কৃষি ও জনকল্যাণমুখী এসব উদ্যোগ সরকারের টেকসই উন্নয়ন পরিকল্পনার অংশ, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।