ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল চুরির অভিযোগে যুবক আটক, ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিল গ্রামবাসী

চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ও তওবা করিয়ে ছেড়ে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম রেজাউল করিম (৩৫), বাড়ি মধ্যম সোনাপাহাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও কাউকে শনাক্ত করা যাচ্ছিল না। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে একটি মোবাইল ফোন ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির সময় রেজাউলকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করানো হয়। উপস্থিত জনতার সিদ্ধান্তে শাস্তিস্বরূপ ১০০ রাকাত নফল নামাজ আদায় ও ভবিষ্যতে অপরাধে না জড়ানোর অঙ্গীকার করিয়ে ছেড়ে দেওয়া হয়।

জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন চুরিতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। হাতেনাতে ধরার পর মারধর না করে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ পথে না যায়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, বিষয়টি অবগত নন, কেউ অভিযোগ জানায়নি। চুরির অভিযোগে কাউকে আটক করলে আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা উচিত ছিল।