ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ প্রবেশ করে জাল কাগজে বিদেশি মদ ও সিগারেট খালাসের চেষ্টার ঘটনায় মূল প্রযুক্তিগত সহায়তাকারী শেখ সেজানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই নেপালে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে চট্টগ্রামে আনা হয়। এর আগে ভারত হয়ে পালিয়ে গিয়ে দেশে ফিরে ভিন্ন নামে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল সে। গোয়েন্দা তথ্যে ইমিগ্রেশনকে আগে সতর্ক করায় ধরা পড়ে।

তদন্তে জানা যায়, চক্রটি চীন থেকে বন্ড সুবিধার মিথ্যা ঘোষণায় কনটেইনারে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও প্রায় ৫০ লাখ শলাকা বিদেশি সিগারেট আমদানির চেষ্টা করে। এতে ১০ থেকে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়।

সিএমপির তদন্ত কর্মকর্তা পরিদর্শক সনজয় কুমার সিনহা জানান, সেজান এনবিআর ও চট্টগ্রাম বন্দরের পোর্টালে অননুমোদিত প্রবেশ, কাস্টমস কর্মকর্তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভার নিয়ন্ত্রণ এবং জাল এলসি নিবন্ধনের মাধ্যমে পণ্য খালাসের পুরো প্রযুক্তিগত সহায়তা দিত। ২০২৪ সালের ২০ মে এক কর্মকর্তার আইডি ব্যবহার করে সাইবার প্রতারণার মাধ্যমে জালিয়াতি করা হয়।

পুলিশ বলছে, সেজান সিরিয়াল সাইবার অপরাধী। এনআইডি, জন্মনিবন্ধন, ভূমি উন্নয়ন করের রসিদ ও টিকা সনদসহ সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগ রয়েছে। সরকারি ওয়েবসাইটের ক্লোন তৈরি ও সাইবার জালিয়াতিতে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে।

কাস্টমস তদন্তে উঠে এসেছে, ২০১৯ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এনবিআর সার্ভারে অন্তত ৪৮টি আমদানি চালান ও প্রায় ৩ হাজার ভুয়া রপ্তানি চালানে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনুপ্রবেশ জাতীয় শুল্ক ব্যবস্থা ও রাজস্ব সুরক্ষার জন্য চরম হুমকি।

সেজানের তথ্যের ভিত্তিতে চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে।