ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ডিপো এবং মার্কিন বাহিনীর একটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ভোরে চালানো অভিযানে এসব স্থাপনায় হামলা চালানো হয় বলে আইআরজিসির বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধ্বংস করা এআই কেন্দ্রটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে লক্ষ্যবস্তু শনাক্ত ও সামরিক অভিযান পরিচালনা করত। এই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধে জড়িত ছিল বলেও অভিযোগ করে আইআরজিসি।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। সংস্থাটি বলেছে, এখন থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যেকোনো দেশে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব বা শেয়ার থাকা কোম্পানির গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি ও এআই-সংশ্লিষ্ট অবকাঠামো তাদের লক্ষ্যবস্তু হবে। যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে মার্কিন কোম্পানিগুলোর কৌশলগত স্থাপনা ধ্বংসেরও হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, বুশেহরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী। তাদের ভাষ্য, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নতুন ও উন্নত ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়।

এছাড়া হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় চলাচলের চেষ্টা করা চারটি তেলবাহী ট্যাংকার আটকের দাবিও করেছে আইআরজিসি নৌবাহিনী। সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে ট্যাংকারগুলোকে নিজ নিজ অবস্থানে থামিয়ে দেওয়া হয় বলে বিবৃতিতে বলা হয়। জাহাজ মালিকদের আইআরজিসির নির্দেশনা মেনে চলার এবং যুক্তরাষ্ট্রের প্রতি ‘ভিত্তিহীন সমর্থনের ফাঁদে’ পা না দেওয়ার আহ্বান জানানো হয়।

তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীন সূত্র থেকেও সত্যতা নিশ্চিত করা যায়নি।