ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে অবরুদ্ধ পুলিশ, জনতার তোপের মুখে মাদক মামলার আসামি ছিনতাই

লালমনিরহাটের হাতীবান্ধায় চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় জনতার একাংশের নজিরবিহীন বাধার মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে এবং অবরুদ্ধ অবস্থায় হামলার আশঙ্কায় হাতকড়া পরা আসামিকে ছেড়ে দিতে বাধ্য হন থানা পুলিশের সদস্যরা। গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাংগা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

রোববার (১৯ জুলাই) সকালে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মব সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল ভবানীপুর এলাকার বাসিন্দা ও একাধিক মাদক মামলার এজাহারনামীয় আসামি হামিদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করে। তবে তাকে থানায় নিয়ে আসার সময় হামিদুলের পরিবারের সদস্য ও স্থানীয় কিছু সংঘবদ্ধ ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয় এবং পথরোধ করে অবরুদ্ধ করে ফেলে।

খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও তার আগেই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। অবরুদ্ধ পুলিশ সদস্যরা জনরোষের মুখে পড়ে আত্মরক্ষার্থে হামিদুলকে মুক্ত করে দিতে বাধ্য হন। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পলাতক আসামিসহ হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।