বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে শরীয়তপুরের এক যুবককে কয়েকটি দেশ ঘুরিয়ে লিবিয়ায় নিয়ে যাওয়ার পর নিখোঁজ করার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। পরিবারের দাবি, ইতালিতে পাঠানোর নামে প্রথমে ২৫ লাখ টাকা এবং পরে লিবিয়ার একটি বন্দিশালা থেকে মুক্ত করার কথা বলে আরও ২৫ লাখ টাকা নেওয়া হয়েছে। মোট ৫০ লাখ টাকা দেওয়ার পরও তিন মাস ধরে যুবকের কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিখোঁজ যুবকের নাম মানিক চোকদার (৩০)। তিনি শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাষাবচর গ্রামের দেলোয়ার হোসেন চোকদারের ছেলে।
মামলা, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সঙ্গে গরুর খামার ও কৃষিকাজ করতেন মানিক। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ সময় একই গ্রামের আমিনুল বেপারী (৩৫), তাঁর ভাই নুরুল হক বেপারী (৩৩), এনামুল বেপারী (৪০), সহযোগী মাতুল খা (৪৮) ও শাহনুর বেগম (৩৮) ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন।
চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১৫ এপ্রিল প্রথম দফায় ১০ লাখ টাকা দেওয়া হয়। পরে মানিককে আকাশপথে ভারতের চেন্নাই, শ্রীলঙ্কা, দুবাই হয়ে মিশরে পাঠানো হয়। প্রায় তিন মাস মিশরে রাখার পর তাঁকে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে আরও টাকা নেওয়ার পর তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের ভাষ্য, পরে জানানো হয় মানিককে লিবিয়ার একটি মাফিয়া চক্র আটকে রেখেছে। তাঁকে মুক্ত করতে আরও ২৫ লাখ টাকা দিতে হবে। ছেলেকে জীবিত ফেরানোর আশায় পরিবার সেই টাকাও পরিশোধ করে। কিন্তু এরপর থেকেই মানিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় গত ২৮ জুন মানিকের বাবা দেলোয়ার হোসেন চোকদার শরীয়তপুরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি পালং মডেল থানায় নথিভুক্ত হয়। পরে ৯ জুলাই পুলিশ এনামুল বেপারী ও মাতুল খাকে গ্রেপ্তার করে।
মানিকের বাবা দেলোয়ার হোসেন চোকদার বলেন, “আমার ছেলে শেষবার ভয়েস বার্তায় বলেছিল—‘আব্বা, ওরা যত টাকা চায় দিয়ে দেন, আমাকে বাঁচান।’ ছেলের জন্য আমরা সর্বস্ব হারিয়েছি। গরু বিক্রি করেছি, জমি বিক্রি করেছি, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছি। কিন্তু আজও ছেলের কোনো খোঁজ নেই। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই।”
মানিকের মা নিনুজা বেগম বলেন, “তিন মাস ধরে আমার ছেলের কোনো খবর নেই। একজন মা হিসেবে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শুধু আমার সন্তানকে ফিরে চাই।”
মানিকের চাচা বিল্লাল চোকদার বলেন, “ইতালিতে পাঠানোর নামে প্রতারণা করে ভাতিজাকে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা সর্বস্ব হারিয়েছি, এখন শুধু মানিককে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।”
অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মাতুল খার মেয়ে ও আমিনুল বেপারীর ভাগনি তানিয়া আক্তার দাবি করেন, তাঁর বাবা ও মামারা দালালের সঙ্গে জড়িত নন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা কাশেম হোসেন বলেন, “ইতালির স্বপ্ন দেখিয়ে দালালরা গ্রামের অসহায় মানুষকে নিঃস্ব করছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, আদালতের নির্দেশে মানবপাচারের মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্তে অর্থ লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলাটি পরবর্তী তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।