শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জোরপূর্বক কৃষিজমি খনন করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২০ জুলাই) সকালে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকরা নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আচুড়া মৌজার ৩৫ নম্বর খতিয়ানের প্রায় ৮ একর কৃষিজমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় কৃষক সেলিম সিকদার, সেলিম শেখ, নারায়ণ চন্দ্র দাস, স্বপন সিকদার, অন্তু দাস, নুরুল হক সরদারসহ অন্তত ১০টি পরিবার। অভিযোগ রয়েছে, সম্প্রতি তাদের জমির প্রায় ৫ একর অংশ রাতের আঁধারে এক্সকাভেটর দিয়ে খনন করে মাছের ঘের নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, কোনো ধরনের সম্মতি বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই জোরপূর্বক জমি খনন করা হচ্ছে। এতে তাদের কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জীবিকা হুমকির মুখে পড়েছে।
জমির মালিক সেলিম সিকদার বলেন, “বহু বছর ধরে আমরা এই জমিতে ধানসহ বিভিন্ন ফসল আবাদ করে সংসার চালিয়ে আসছি। এখন জোর করে জমি খনন করে মাছের ঘের করা হচ্ছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। প্রশাসনের কাছে এর সুষ্ঠু প্রতিকার চাই।”
অন্য জমির মালিক নুরুল হক সরদার বলেন, “আমাদের অনুমতি ছাড়াই জমি কেটে ঘের করা হচ্ছে। কৃষিজমি নষ্ট হলে আমরা পরিবার নিয়ে মানবেতর অবস্থায় পড়ব। দ্রুত এ কাজ বন্ধ করে জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।”
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অবিলম্বে জোরপূর্বক জমি খনন বন্ধ, ক্ষতিগ্রস্ত কৃষিজমি পুনরুদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।