ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ লাখ টাকা ঘুস দিয়েও প্রতারণার শিকার, ১১ বছর ধরে বিনাবেতনে শিক্ষকতা

স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়ার আশায় ভিটেমাটি ও অলঙ্কার বিক্রি করে প্রধান শিক্ষককে তুলে দিয়েছিলেন ১০ লাখ টাকা। অথচ প্রায় ১১ বছর ধরে একটাকাও বেতন-ভাতা পাননি নওগাঁর মান্দার জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস খাতুন। তদন্তে বেরিয়ে এসেছে, ভুয়া শূন্য পদ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল তাঁকে। চাঞ্চল্যকর এই ঘটনায় চরম ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

২০১৫ সালের ১ আগস্ট সমাজবিজ্ঞান বিষয়ে ওই বিদ্যালয়ে যোগ দেন নার্গিস খাতুন। দীর্ঘ ১১ বছর নিয়মিত পাঠদান করলেও তাঁর পদটি এমপিওভুক্ত হয়নি। পরে অনুসন্ধানে জানা যায়, পদে আগেই একজন ইনডেক্সধারী শিক্ষক কর্মরত ছিলেন, অর্থাৎ কোনো শূন্য পদই ছিল না।

“জমি ও গয়না বিক্রি করে প্রধান শিক্ষক আব্দুর রহমান দেওয়ানকে ১০ লাখ টাকা দিয়েছিলাম। এখন বুঝছি জালিয়াতি করে আমার জীবনটাই ধ্বংস করা হয়েছে,” কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেন নার্গিস খাতুন।

প্রধান শিক্ষক আব্দুর রহমান দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সামনাসামনি কথা বলার অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম জানান, চাকরির বয়স পার হয়ে যাওয়া এই ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলেই প্রধান শিক্ষকের জালিয়াতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।