ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মাদকের টাকা না পেয়ে বাবাকে করাত দিয়ে জবাইয়ের চেষ্টা, যুবকের কারাদণ্ড

মাদকের টাকার দাবিতে জন্মদাতা বাবাকে কাঠের করাত দিয়ে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগে পঞ্চগড় সদরে মিরাজ আলী (২৪) নামের এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা এই সাজা প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্ত যুবককে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ভুক্তভোগী বাবা লিখিত অভিযোগে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং চুরি ও পারিবারিক সহিংসতায় জড়িত। রিহ্যাব সেন্টারে পাঠিয়েও তাকে ভালো করা যায়নি। গত ২২ জুলাই মাদকের টাকা না পেয়ে ঘরের মালামাল বিক্রিতে বাধা দিলে মিরাজ ধারালো করাত নিয়ে নিজ বাবার গলায় ধরে জবাইয়ের চেষ্টা চালায়। এ সময় মা বাধা দিতে এলে তাকেও ধাওয়া করা হয়। প্রাণ বাঁচাতে বাবা-মা ঘর ছেড়ে পালিয়ে বাঁচেন।

পরবর্তীতে ইউএনওর নির্দেশে মিরাজের বসতঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়। আদালতের কাছে অভিযুক্ত মিরাজ নিজের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।