স্বস্তির বৃষ্টির পর এবার টানা ভারী বর্ষণের শঙ্কা। আগামী ৫ দিন দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সঙ্গে ঝোড়ো হাওয়া। ১০ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। টেকনাফে ১১২ মিলিমিটার।
মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। দক্ষিণাঞ্চলে সক্রিয়। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। শনি-রবিবার চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশালে প্রকোপ বেশি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে।