গুঞ্জনই সত্যি হলো। গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
সঙ্গে সঙ্গে দায়িত্ব নিলেন স্পিকার।
জাতীয় সংসদের এলডি হলে প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ করেছি। ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। রেকর্ড সংরক্ষণ ও প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
পদত্যাগপত্রে সাহাবুদ্দিন লিখেছেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনমিক নিউরোপ্যাথিতে ভুগছেন। মাঝে মাঝে ক্ষণিক অচেতন হন। বাইপাস সার্জারি হয়েছে। দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। শারীরিক ও মানসিক অসামর্থ্যে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। স্পিকার বলেন, রাষ্ট্রপতির চেয়ার কখনো শূন্য থাকে না। বিশৃঙ্খলা বা বিভ্রান্তি যেন না হয়। ডাক্তারের সার্টিফিকেটের প্রয়োজন নেই, তিনি নিজেই লিখেছেন।