টানা ১৩ দিন আক্রমণ চালানোর পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত মুলতবি রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
রবিবার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমস ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের মজুত আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। এমন উদ্বেগ থেকেই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা এবং মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই তিনি হামলা স্থগিতের সিদ্ধান্ত দেন।
অন্যদিকে অ্যাক্সিওস এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলা বন্ধের এই নির্দেশ সাময়িকভাবে কার্যকর থাকবে নাকি দীর্ঘমেয়াদের জন্য বহাল থাকবে, তা এখনও পরিষ্কার নয়।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য বাড়তি সময় দেওয়ার ইঙ্গিত বহন করে, অন্যদিকে বড় ধরনের যুদ্ধ নতুন করে শুরু না হলে চলমান মার্কিন হামলা কার্যকারিতার শেষ সীমায় পৌঁছে গেছে— এমন উপলব্ধিরও প্রতিফলন ঘটায়। তবে সূত্রগুলোর ভাষ্যমতে, প্রয়োজন হলে পুনরায় বড় পরিসরের সামরিক অভিযান শুরুর পরিকল্পনা প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
সূত্র: আল-জাজিরা