ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল

গত শুক্রবার (২৪ জুলাই) দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এর পর কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে। এ আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নাম ঘুরে-ফিরে এলেও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে তার নামই সর্বাধিক আলোচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বজনীন গ্রহণযোগ্যতা, দূরদর্শিতা, দল ও রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা এবং ভারসাম্যপূর্ণ নেতৃত্ব তাকে আলোচনার কেন্দ্রে এনেছে। বিএনপির একটি বড় অংশ তাকে রাষ্ট্রপতি করার পক্ষে। সংকটকালে স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষ ও বিতর্কহীন রাষ্ট্রপতির গুরুত্ব রয়েছে। বনেদি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি শুধু বিএনপির নয়, সাধারণ মানুষের কাছেও আস্থার নাম। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেড় যুগের বেশি সময় পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। দলের শীর্ষ নেতৃত্ব এমন একজনকে রাষ্ট্রপতি করতে চাইবে, যিনি সংকটময় মুহূর্তে শক্ত হাতে হাল ধরতে পারবেন এবং সবার কাছে গ্রহণযোগ্য হবেন। দেশের যে কোনো সংকটে রাষ্ট্রপতিকে অভিভাবকের ভূমিকায় আসতে হয়। সার্বিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তবে এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে চাননি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দশকেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনে তার ভূমিকা অগ্রগণ্য ছিল। তার সুচিন্তিত বক্তব্য ও শান্ত রাজনৈতিক কৌশল তাকে দলমত নির্বিশেষে বিশেষ গ্রহণযোগ্যতা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলায় তার সমন্বয়ক ভূমিকা অনস্বীকার্য।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এর পর সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠনসহ রাজনৈতিক পালাবদলের মধ্যেও রাষ্ট্রপতি হিসেবে গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। তিনি গত শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংশ্লিষ্টরা জানান, তিনটি কারণে রাষ্ট্রপতি আলোচনায় এগিয়ে আছেন মির্জা ফখরুল। তার প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় যাওয়া। তিনটিই প্রত্যক্ষ করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আলংকারিক পদে তার নাম আসা সর্বমহলে প্রত্যাশিত। এর পেছনে তার রাজনৈতিক ত্যাগ, পরিচ্ছন্ন ইমেজ এবং জাতীয় ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজ করছে।

বিএনপিতে বিশ্বস্ততা ও দুঃসময়ের কান্ডারি হিসেবে মির্জা ফখরুল অপ্রতিদ্বন্দ্বী। তিনি সাদামাটা ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ মেলেনি। রাজনৈতিক বিতর্কে শালীনতা বজায় রাখা ও মার্জিত আচরণের জন্য প্রতিপক্ষের কাছেও তিনি শ্রদ্ধেয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের চরম দুঃসময়ে তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন।

তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতি এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রবাস জীবনে অত্যন্ত ধৈর্যের সঙ্গে দলকে ঐক্যবদ্ধ রেখে নেতৃত্ব দিয়েছেন তিনি। শত শত মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও জিয়া পরিবারের প্রতি অবিচল আনুগত্য ও সাংগঠনিক তৎপরতা তাকে নেতাকর্মীদের কাছে অনন্য উচ্চতায় নিয়েছে। টানা বহু বছর প্রতিকূল পরিস্থিতিতে জাতীয় রাজনীতি সামলানোর কারণে শীর্ষ পদের জন্য তাকে যোগ্য মনে করেন অনেকে। রাষ্ট্রপতির মতো আলংকারিক ও নিরপেক্ষ ভারসাম্য বজায় রাখার পদের জন্য তার মেজাজ ও ব্যক্তিত্ব মানানসই বলে মনে করা হয়।

এ ছাড়া তার সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। রাষ্ট্রপতি পদ কোনো একক দলের নয়, রাষ্ট্রের। তিনি প্রমাণ করেছেন, তিনি উগ্রবাদের বিরোধী এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সুশীল সমাজের সঙ্গে সুসম্পর্ক তাকে গার্ডিয়ান ফিগার হিসেবে উপস্থাপন করে। কূটনৈতিক মহলেও তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে, যা নতুন সরকারের বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রয়েছে বর্ণাঢ্য পারিবারিক ইতিহাস। তার বাবা মরহুম রুহুল আমিন চখা মিয়া ছিলেন কৃষি প্রতিমন্ত্রী। তার বড় চাচা মির্জা গোলাম হাফিজ ১৯৭৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী এবং ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মির্জা ফখরুল ইসলাম সাবেক শিক্ষক ও অভিজ্ঞ সংসদ সদস্য। ৭৯ বছর বয়সী এ নেতার প্রজ্ঞা ও ধীরস্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে অভিভাবকত্বের আসনে বসানোর জন্য উপযুক্ত করেছে। তিনি ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে যোগ দেন। পরে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয়-ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে নিরীক্ষক হিসেবেও কাজ করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হন। ১৯৮২ সালে এইচ এম এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করা পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। পরে ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

বিশ্লেষকদের অভিমত, বিএনপি নতুন সরকার গঠন করলে শীর্ষ নেতৃত্ব এমন একজনকে রাষ্ট্রপতি করতে চাইবে যিনি সংকটময় মুহূর্তে হাল ধরতে পারবেন। মির্জা ফখরুল এবার নির্বাচন করে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তাই তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে তার দীর্ঘ ত্যাগের যথাযোগ্য সম্মান। তিনি শুধু মহাসচিব নন, গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত কিংবদন্তি। তাকে রাষ্ট্রপতি করা হলে সংসদীয় গণতন্ত্রের মর্যাদা বাড়বে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম সেলিম বলেন, অতীতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির অভিজ্ঞতা সুখকর নয়। সেই বিবেচনায় এমন লোককে রাষ্ট্রপতি করা উচিত যিনি সর্বজনীন গ্রহণযোগ্য, আনুগত্যশীল ও প্রাজ্ঞ। জিয়া পরিবারের প্রতি তো বটেই, দলের প্রতি অবশ্যই আনুগত্যশীল থাকতে হবে। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজেই বাছাই করতে হবে। অন্যদের ওপর ছেড়ে দেওয়া যাবে না। যেহেতু তিনি দীর্ঘ ১৬ বছর নেতাদের দেখছেন, কার কী অবদান সবই জানেন। সুতরাং তাকেই মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রপতি হতে হবে জনগণের কাছে গ্রহণযোগ্য, শ্রদ্ধাভাজন, সৎ, দক্ষ ও সাহসী। কারণ আগে যাদের দেওয়া হয়েছিল তারা শুধু চেয়ারেই বসেছিলেন, দুঃসময়ে সাহসী ভূমিকা নিতে পারেননি। বিশেষ করে ইয়াজ উদ্দিন আহমেদ অনেক কিছুই করতে পারতেন, কিন্তু পারেননি। এখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয় মাথায় রাখতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, বিএনপিতে যোগ্য বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা আছেন। তবে শারীরিক সক্ষমতা ও সংকটকালে প্রাজ্ঞ সিদ্ধান্ত নিতে পারবেন এমন কাউকেই যোগ্য মনে করি। এক্ষেত্রে বিএনপি মহাসচিব যোগ্যতম। রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি পদে নির্বাচন করা উচিত।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, রাষ্ট্রপতি পদে এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যিনি শুধু রাজনৈতিক পরিচয়ের অধিকারী নন, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন হবেন। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। সংবিধান, আইন, বিচার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ পদটি সর্বোচ্চ সম্মানের আসন। তাই প্রাজ্ঞ, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিত্ব প্রয়োজন। তিনি দলীয় দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছেন এমন হতে হবে। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকা উচিত নয়। এমন পরীক্ষিত নেতৃত্বই রাষ্ট্রপতি হিসেবে যোগ্য।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। গত রোববার সিইসির কার্যালয়ে সব কমিশনার ও সিনিয়র সচিব বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচনের আইন পর্যালোচনা করেন। এর পর তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি ভোটার তালিকা করবে। তার পর তফসিল ঘোষণা করা হবে।