ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন— সদর উপজেলার আটিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২), একই এলাকার মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬) এবং নড়িয়া থানার আচুড়া এলাকার মৃত আলমগীর বেপারীর ছেলে রাব্বি (২৮)।

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, মাদক ব্যবসায়ী ধরিয়ে দেওয়ার কথা বলে সোমবার সন্ধ্যার দিকে তার স্বামীকে ডেকে নিয়ে যান হযরত খন্দকার, ইমন খন্দকার ও রাব্বি। পরে তাকে অপহরণ করে নড়িয়া উপজেলার আচুড়া এলাকায় আজিজ ঢালীর বাগানে বেঁধে রাখা হয়।

এরপর অপহৃত স্বামীর মোবাইল ফোন থেকে তার স্ত্রীকে কল দিয়ে টাকা ও পেনড্রাইভ নিয়ে বাসা থেকে বের হতে বলা হয়, একইসঙ্গে তাকে আনার জন্য লোক পাঠানো হয়। পরবর্তীতে তাকে আচুড়া এলাকার আজিজ ঢালীর বাগানের একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, সেখানে স্বামীর সামনেই তিন ব্যক্তি মিলে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই নারীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী নারী বলেন, “আমার স্বামী তার মোবাইল থেকে রাত ৯ টার দিকে কল করে আমাকে বাসা থেকে বের হতে বলে একজন লোক পাঠায় তার সাথে অটোতে করে আমি যাই। পরে আমাকে আচুড়ার একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার স্বামীকে আগেই বেঁধে তার গলায় ছুরি ধরে রেখেছে। পরে তার সামনেই হযরত সহ আরো ৩ জন আমাকে ধর্ষন করে। পরে আমি চিৎকার করলে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে।”

প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, “অনেক রাতে বাড়ির পাশের জঙ্গলে চিৎকারের শব্দ শুনে আমরা আসি। এসে দেখি এক লোক তার স্ত্রীকে জরিয়ে ধরে চিৎকার করতেছে। আমরা জিজ্ঞাসা করলে আমাদের ধর্ষনের বিষয়টি জানায়। পরে বাড়ির অন্য মহিলারা এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে তারা এসে তাদের নিয়ে যায়।”

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাই এবং ঘটনার সত্যতা পাই। পরে রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে আটক করি। ভুক্তভোগী নারীর স্বামীর সাথে অভিযুক্তদের মাদক সংক্রান্ত লেনদেন রয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”