শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আচুরা গ্রামের আজিজ ঢালীর বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— আচুরা গ্রামের মৃত আলমগীর বেপারীর ছেলে মো. রাব্বি (২৮), পালং উপজেলার আটিপাড়া এলাকার আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২) এবং আচুরা গ্রামের মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, হযরত আলী খন্দকার মোবাইল ফোনে যোগাযোগ করে ভুক্তভোগীর স্বামীকে ঘটনাস্থলে যেতে বলেন। তিনি সেখানে পৌঁছালে রাব্বি, হযরত আলী খন্দকার, ইমন খন্দকারসহ আরও কয়েকজন তাকে জোরপূর্বক আটকে রেখে হাত-পা বেঁধে ফেলেন। পরে তাকে তার স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বাধ্য করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, গৃহবধূ সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরবর্তীতে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।