মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে জনসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার নির্দেশনা দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ পরিদর্শনে জেলা প্রশাসক প্রথমে জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানায় যান। সেখানে তিনি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সেবার মান বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। ভবনের নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখা এবং কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ না দেওয়ার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেখানকার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা, সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রমের গতি সম্পর্কে খোঁজখবর নেন। নাগরিকদের হয়রানিমুক্ত, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের একপর্যায়ে তিনি অফিস প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন। সফরের শেষেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একাধিক বৃক্ষের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।
নড়িয়া উপজেলা পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও কার্যকর করা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করা এবং জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের সরেজমিন পরিদর্শন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।