খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে রাজধানীর বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেল। সাম্প্রতিক এক গবেষণায় বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলেই বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে বোতলজাত তেলের তুলনায় খোলা তেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানিয়েছেন গবেষকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত এ গবেষণার ফলাফল সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এ প্রকাশিত হয়েছে।
গবেষণার অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ এবং খোলা বাজার থেকে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের ৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরে আধুনিক স্পেকট্রোস্কোপিক ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে নমুনাগুলো পরীক্ষা করে উদ্বেগজনক তথ্য পাওয়া যায়।
গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। এর মধ্যে খোলা তেলে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। প্রতি লিটার খোলা তেলে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে, যা বোতলজাত তেলের তুলনায় প্রায় ১ দশমিক ২৪ গুণ বেশি।
গবেষকদের মতে, খোলা তেল সংরক্ষণে একই পাত্র বারবার ব্যবহার, শিল্পাঞ্চলের পরিবেশ, প্লাস্টিক ও বস্ত্রশিল্পের নিকটবর্তী অবস্থান এবং বাজারজাতকরণের বিভিন্ন ধাপে দূষণ যুক্ত হওয়ার কারণে খোলা তেলে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়ে যেতে পারে। তেজগাঁও এলাকা থেকে সংগৃহীত খোলা তেলের নমুনায় সর্বোচ্চ মাত্রার দূষণ শনাক্ত হয়েছে।
পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে ছয় ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত করা হয়েছে। এগুলো হলো—লো-ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই), হাই-ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিইথিলিন টেরেফথালেট (পিইটি), পলিইউরেথেন (পিইউ) এবং নাইলন। গবেষকদের দাবি, ভোজ্যতেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি শনাক্ত হওয়ার ঘটনা আন্তর্জাতিক গবেষণায়ও বিরল।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, শনাক্ত হওয়া প্লাস্টিক কণার প্রায় ৮২ দশমিক ৫ শতাংশ ছিল আঁশ বা ফাইবারজাতীয়। এর মধ্যে ৫৬ দশমিক ২৯ শতাংশ স্বচ্ছ এবং প্রায় ৩৫ দশমিক ৮৪ শতাংশ কণার আকার ছিল ১০১ থেকে ৫০০ মাইক্রোমিটারের মধ্যে।
মানবদেহে এসব কণার সম্ভাব্য প্রবেশ নিয়েও উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে গবেষণায়। হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন গড়ে প্রায় ১৭ দশমিক ৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। একজন শিশু প্রতিদিন গড়ে প্রায় ৭৭টি এবং বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি প্লাস্টিক কণা গ্রহণ করতে পারে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, জীবনদ্দশায় একটি শিশুর শরীরে প্রায় ২০ লাখ ৯০ হাজার পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশের আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মাইক্রোপ্লাস্টিক মানুষের পরিপাকতন্ত্র, হরমোনের স্বাভাবিক কার্যক্রম, কোষের গঠন এবং বিপাকীয় প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আকারে অতি ক্ষুদ্র কণাগুলোর কিছু রক্তপ্রবাহে প্রবেশ করে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।
গবেষণা দলের প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, মাইক্রোপ্লাস্টিক এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম উদীয়মান দূষক। এটি মানুষের প্রজনন স্বাস্থ্য ও বিপাকীয় ব্যবস্থার ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।
গবেষকরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির প্রতিটি পর্যায়ে উন্নতমানের ফিল্টার ব্যবহার, খোলা ভোজ্যতেল বিক্রিতে কঠোর নজরদারি এবং খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের জন্য একটি জাতীয় নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছেন।
এর আগে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-এর এক গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়। সেই গবেষণায় পরীক্ষিত ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতেই প্লাস্টিক কণা পাওয়া যায়। এমনকি শিশুদের ব্যবহারের জন্য তৈরি কয়েকটি টুথপেস্টেও এ ধরনের দূষণ শনাক্ত হওয়ায় বিষয়টি নতুন করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিশেষজ্ঞদের অভিমত, খাদ্য ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে আর বিলম্বের সুযোগ নেই। এখনই প্রয়োজন সমন্বিত নীতিমালা, কঠোর তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ।