সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য এবং বিচার বিভাগ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর তার অগ্রগতি লিখিতভাবে আদালতকে জানাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) সিরাজগঞ্জের সিনিয়র সিভিল জজ আদালত (শাহজাদপুর চৌকি)-এর বিচারক মো. শানু আকন্দ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতে বিচারাধীন একটি দেওয়ানি মামলার পরিপ্রেক্ষিতে গত ২৪ মে বিরোধপূর্ণ ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, ওই নির্দেশ বহাল থাকা অবস্থায় ইউএনও সাবরিনা শারমিন গত ২১ জুন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে নির্মাণকাজ স্থগিত রাখতে বলেন। এ ঘটনাকে আদালতের নির্দেশ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ভায়োলেশন মামলা দায়ের করা হয়।
মামলার শুনানিতে আদালত পর্যবেক্ষণে বলেন, ইউএনওর পক্ষ থেকে আদালতে দাখিল করা লিখিত আপত্তিপত্রে আদালত, বিচারক ও বিচারিক আদেশ সম্পর্কে আপত্তিকর, কটূক্তিমূলক ও অবমাননাকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। পরে অসুস্থতার কারণ দেখিয়ে মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেন।
আদালতের আদেশে বলা হয়, একজন প্রজাতন্ত্রের কর্মচারীর কাছ থেকে আইন, আদালত ও বিচার বিভাগের প্রতি দায়িত্বশীল এবং পেশাগত আচরণ প্রত্যাশিত। আদালতের মর্যাদা রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে অভিযোগের বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সমীচীন বলে আদালত মত প্রকাশ করেন। সেই অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আদালতকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আদালত ইউএনওর লিখিত আপত্তিপত্রের কয়েকটি অংশ বিচারিক নথি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৩০ জুলাই চার্জ বা বিবেচ্য বিষয় নির্ধারণ, বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আদেশের দিন ধার্য করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। তাই এ বিষয়ে মন্তব্য করা তার পক্ষে সমীচীন নয়।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহজাদপুর চৌকি আদালতের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রশাসন ও আদালতের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। ভূমির পরিমাণ, মালিকানা এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তাসংক্রান্ত বিষয় বিবেচনায় ইউএনও নির্মাণকাজ স্থগিত রাখার উদ্যোগ নিয়েছিলেন বলে জানা গেছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও নজরে আনেন।
পরবর্তীতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত ৬ জুলাই জারি করা এক চিঠিতে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে শাহজাদপুর চৌকি আদালতের সীমানা প্রাচীর ও গেট নির্মাণসংক্রান্ত ভূমির পরিমাণ ও মালিকানা বিষয়ে সরেজমিন তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।