ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের দুধে মাইক্রোপ্লাস্টিক, ৪১ নমুনায় দূষণ

দেশের বাজারে বিক্রি হওয়া কাঁচা দুধ, প্যাকেটজাত তরল ও গুঁড়া দুধ এবং দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা ৪৪ মিনিটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। পরীক্ষা করা ৪১টি নমুনার প্রতিটিতেই ক্ষুদ্র প্লাস্টিক কণা পেয়েছেন গবেষকেরা।

গবেষণাটির শিরোনাম ‘বাংলাদেশের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক দূষণ: বৈশিষ্ট্য নিরূপণ, খাদ্যজনিত সংস্পর্শ ও ঝুঁকি মূল্যায়ন’। গবেষণাটি পরিচালনা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের একদল গবেষক। গবেষণা দলের নেতৃত্বে ছিলেন সানাউল্লাহ মাজুমদার।

গবেষক দলে ছিলেন রেহেনুমা তারান্নুম, মো. মোশিউজ্জামান আদনান, তানজুম কবির খুকু, মো. রাসেল আলী, শাহুদা ইসলাম সোয়া, মো. আবদুর রাকিব, আলম তাজ আরা অর্থী, মো. মামুন ইসলাম এবং মো. ওমর ফারুক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২৩-২৪ অর্থবছরের অনুদানে গবেষণাটি সম্পন্ন হয়।

গবেষকরা জানান, গবেষণার জন্য মোট ৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭টি কাঁচা দুধ, ১২টি বিভিন্ন ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধ এবং ১২টি অন্যান্য দুগ্ধজাত পণ্য ছিল। কাঁচা দুধ সংগ্রহ করা হয় ঢাকা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে। প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্য নেওয়া হয় বাজার ও সুপারশপ থেকে।

গবেষকরা জানান, নমুনা বিশ্লেষণে অণুবীক্ষণ যন্ত্র এবং অবলোহিত রশ্মিভিত্তিক রাসায়নিক বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের গঠন ও ধরন শনাক্ত করা হয়। পর্যবেক্ষণে দেখা গেছে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধে। প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬ দশমিক ০৬টি কণা পাওয়া গেছে। একই পরিমাণ কাঁচা দুধে ৯৩ দশমিক ৩৯টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে ৭০ দশমিক ৮০টি কণা শনাক্ত হয়েছে।

গবেষকদের ধারণা, দুধ সংগ্রহ থেকে পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও প্যাকেটজাত করার প্রতিটি পর্যায়ে প্লাস্টিকের সংস্পর্শে কণার পরিমাণ বাড়তে পারে। প্লাস্টিকের বোতল ও প্যাকেট ছাড়াও উৎপাদন লাইনের পাইপ, ফিল্টার, যন্ত্রপাতি, গ্লাভস, কর্মীদের কৃত্রিম তন্তুর পোশাক ও কারখানার বাতাস থেকেও দুধে মাইক্রোপ্লাস্টিক মিশতে পারে। তবে কোন উৎস থেকে কত শতাংশ এসেছে তা এই গবেষণায় নির্দিষ্টভাবে নির্ণয় করা হয়নি।

বিশ্লেষণে দেখা গেছে, দুধ ও দুগ্ধজাত পণ্যে পাওয়া অধিকাংশ কণা ছিল স্বচ্ছ রঙের, আঁশের মতো আকৃতির এবং ২৫০ মাইক্রোমিটারের কম আকারের। কাঁচা দুধে পাওয়া কণার প্রায় ৭৭ দশমিক ৪৮ শতাংশ এবং ব্র্যান্ডের দুধে ৮২ দশমিক ৮৩ শতাংশই ছিল আঁশ আকৃতির। গবেষকদের মতে, এসব কণা মূলত কৃত্রিম তন্তুর কাপড়, প্যাকেজিং, পাইপলাইন ও প্রক্রিয়াজাতকরণ পরিবেশ থেকে আসতে পারে।

গবেষণায় টেফলনজাত, পিইটি, নাইলন-৬, পলিইথিলিন, পিডিএমএস, পিপিএস, পিভিসি, পলিপ্রোপিলিন ও পলিস্টাইরিনসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকের রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে। কাঁচা দুধে সবচেয়ে বেশি মিলেছে টেফলনজাত উপাদান ও পিইটি। ব্র্যান্ডের দুধে টেফলনজাত উপাদানের পাশাপাশি পিডিএমএস ও পিইটির উপস্থিতি বেশি ছিল। দুগ্ধজাত পণ্যে তুলনামূলক বেশি পাওয়া গেছে পিইটি, নাইলন-৬ এবং পিপিএস।

গবেষকরা জানান, বয়স, শরীরের ওজন ও দৈনিক দুধ গ্রহণের পরিমাণ বিবেচনা করে খাদ্যের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের হার নির্ণয় করা হয়েছে। এতে দেখা যায়, শরীরের ওজন কম ও দুধের ওপর নির্ভরতা বেশি হওয়ায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরে তুলনামূলক বেশি মাইক্রোপ্লাস্টিক প্রবেশের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ৪ থেকে ১০ বছর বয়সী যেসব শিশু নিয়মিত ব্র্যান্ডের দুধ পান করে, তাদের গ্রহণের হার সবচেয়ে বেশি।

দূষণের মাত্রা মূল্যায়নে গবেষকেরা দূষণ সূচক, দূষণের চাপের সূচক এবং প্লাস্টিকের রাসায়নিক উপাদানভিত্তিক ঝুঁকি সূচক ব্যবহার করেছেন। ফলাফলে কাঁচা দুধকে উচ্চ ঝুঁকি, ব্র্যান্ডের দুধকে উল্লেখযোগ্য ঝুঁকি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যকে মাঝারি ঝুঁকির শ্রেণিতে রাখা হয়েছে। কাঁচা দুধে মোট কণা কম হলেও সেখানে শনাক্ত হওয়া কিছু রাসায়নিক উপাদানের বৈশিষ্ট্যের কারণে সম্ভাব্য ঝুঁকি বেশি দেখা গেছে। তবে এই সূচকগুলো সরাসরি কোনো রোগের প্রমাণ নয়, বরং দূষণের মাত্রা ও সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নের বৈজ্ঞানিক পদ্ধতি।

গবেষকরা আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষও খাদ্যে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে গবেষণা করছে। এখন পর্যন্ত মানবদেহে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে খাদ্য ও পানীয়ের মাধ্যমে বিস্তার বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়। সাম্প্রতিক আন্তর্জাতিক গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, গর্ভফুল ও অন্যান্য কলাতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

এ বিষয়ে গবেষক দলের প্রধান সানাউল্লাহ মাজুমদার বলেন, বাংলাদেশের দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় মাইক্রোপ্লাস্টিক দূষণ একটি উদীয়মান খাদ্যনিরাপত্তা চ্যালেঞ্জ। দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের প্রতিটি ধাপে প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নত পরিশোধন ব্যবস্থা চালু, কম নির্গমনকারী যন্ত্রপাতি ব্যবহার, উৎপাদন পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা চালু করা প্রয়োজন।