ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই স্ত্রীর যৌতুক মামলায় ডিএমপি কনস্টেবল কারাগারে

দুই স্ত্রীর করা পৃথক যৌতুক মামলায় কারাগারে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল মামুনুর রশিদ। বুধবার (২৯ জুলাই) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হকের আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পরিদর্শক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত মামুনুর রশিদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোলারতাইড় গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী উত্তরপাড়ার মৃত আব্দুল জলিলের মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে মামুনুর রশিদের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই মামুনুর রশিদ ও তার পরিবারের সদস্যরা মৌসুমীর পরিবারের কাছে যৌতুক দাবি করতে থাকেন। দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে দ্বিতীয় বিয়ের হুমকি দিয়ে ২০২৩ সালের ৮ মার্চ প্রথম স্ত্রীকে না জানিয়ে পাবনার সাঁথিয়া উপজেলার গাঙ্গুহাটী গ্রামের জাকির হোসেনের মেয়ে লাবনী খাতুন (২১) কে বিয়ে করেন তিনি।

পুলিশ জানায়, দ্বিতীয় স্ত্রী লাবনী খাতুনও যৌতুক নিরোধ আইনে তার বিরুদ্ধে পৃথক মামলা করেছেন। এজাহারে আরও বলা হয়েছে, দ্বিতীয় বিয়ের পরও মৌসুমী আক্তার সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন। তখন তার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাকে মারধর, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ২০২৫ সালের ১৯ আগস্ট তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন।

ওই মামলায় মামুনুর রশিদ ছাড়াও তার ভাই মিলন মিয়া, লাবনী খাতুন, রুমি, মিনি বেগম ও শাকিল আহমেদকে আসামি করা হয়। মামুনুর রশিদ ছাড়া অন্য চার আসামি আগাম জামিন পেয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ২২ জুলাইও জামিন নিতে আদালতে এসেছিলেন মামুনুর রশিদ। তবে সেদিন তিনি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। পরে বুধবার আবার আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে মামলার বাদী মৌসুমী আক্তার বলেন, আমার স্বামী একজন পুলিশ সদস্য। বিয়ের পর থেকেই পরিবারের কাছে যৌতুক দাবি করতেন। দিতে না পারায় শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরও সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু নির্যাতন ও হুমকি বন্ধ না হওয়ায় আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয়েছি। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সদস্য হয়েও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় থেকে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।