ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
গ্যাস সংকটে থমকে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন

দূরবর্তী কেন্দ্রের ওপর নির্ভরতা বাড়ায় সঞ্চালন ব্যয়ে বাড়ছে লোকসান

দেশের বিদ্যুৎ খাতে এক নীরব সংকট ক্রমেই প্রকট হয়ে উঠছে। গ্যাসের তীব্র ঘাটতির কারণে রাজধানী ও আশপাশের উচ্চ দক্ষতা এবং কম ব্যয়বহুল গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদা পূরণে নির্ভর করতে হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে আমদানি করা বিদ্যুতের ওপর। এতে শত শত কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে গিয়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর পরিচালন ব্যয় ও সিস্টেম লস আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পুরো বিদ্যুৎ খাতের আর্থিক ভারসাম্যের ওপর।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, উৎপাদন ব্যয় কমানোর পরিবর্তে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সঞ্চালন ব্যয়ই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর্থিক চাপ সামাল দিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে সঞ্চালন ট্যারিফ বৃদ্ধির প্রস্তাবও দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। অথচ বিশেষজ্ঞদের মতে, রাজধানীর নিকটবর্তী গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যাপ্ত গ্যাস পেলে এ ব্যয়ের বড় অংশই এড়ানো সম্ভব।
বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ১৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু চাহিদার একটি বড় অংশ পূরণ করতে হচ্ছে ভারতের আদানি পাওয়ার, পটুয়াখালীর পায়রা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে। এসব কেন্দ্র থেকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বিদ্যুৎ রাজধানীসহ দেশের প্রধান লোড সেন্টারে পৌঁছাতে হচ্ছে। এতে প্রযুক্তিগত ক্ষতির পাশাপাশি সঞ্চালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতায় থাকা ২০টি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৭৬ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় এসব কেন্দ্র চালাতে প্রতিদিন প্রয়োজন প্রায় ৯৯৬ মিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ২৭০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি, যা মোট চাহিদার মাত্র ২৭ শতাংশ। ফলে অধিকাংশ কেন্দ্র পূর্ণ উৎপাদনে যেতে পারছে না।
গ্যাসের অভাবে নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৩১৫ মেগাওয়াট সক্ষমতার সব ইউনিট বন্ধ রয়েছে। কেন্দ্রটি সচল রাখতে প্রতিদিন প্রয়োজন ১৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। একইভাবে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৭১৮ মেগাওয়াট সক্ষমতার একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্রও উৎপাদনের বাইরে রয়েছে। সেখানে প্রায় ২ হাজার মেগাওয়াট সক্ষমতার তিনটি উচ্চ দক্ষতার বিদ্যুৎকেন্দ্র থাকলেও পর্যাপ্ত গ্যাস না থাকায় সব ইউনিট চালানো সম্ভব হচ্ছে না। সীমিত গ্যাসের কারণে এক বা দুটি ইউনিট চালিয়ে বাকি ইউনিটগুলো বন্ধ রাখতে হচ্ছে।
এ ছাড়া আগ্রিকো, সিদ্ধিরগঞ্জ, ইজিসিবি, মেঘনাঘাট আইপিপি, সামিট-মেঘনাঘাট, আরপিসিএল, এইচপিএস, মাধবদী, আশুলিয়া, মাওনা, রূপগঞ্জ, এইচপিএল ও রিজেন্টসহ একাধিক বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটের কারণে পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকলেও বাস্তবে তা কাজে লাগানো যাচ্ছে না।
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতিতে উৎপাদনের চেয়ে সঞ্চালন ব্যয়ই দ্রুত বাড়ছে। বিশেষ করে ভারতের আদানি পাওয়ার এবং পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পরিবহনের কারণে পাওয়ার গ্রিডকে অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। এই ব্যয় শেষ পর্যন্ত বিদ্যুতের সামগ্রিক খরচ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে ‘মেরিট অর্ডার ডিসপ্যাচ’ নীতি কার্যকরভাবে অনুসরণ করে রাজধানীর নিকটবর্তী উচ্চ দক্ষতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা গেলে সঞ্চালন ব্যয়, প্রযুক্তিগত ক্ষতি এবং আর্থিক লোকসান উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাও আরও দক্ষ ও সাশ্রয়ী হবে।
এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেন, গ্যাসের বরাদ্দ চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় বিদ্যুৎকেন্দ্র, শিল্প ও আবাসিক—সব খাতেই সংকট দেখা দিয়েছে। তাঁর মতে, প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে তিতাসের আওতাধীন গ্রাহকদের স্বাভাবিক সেবা দেওয়া সম্ভব হবে। তবে গ্যাসের বরাদ্দ পুরোপুরি পেট্রোবাংলার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে বিদ্যুৎকেন্দ্রগুলোও স্বাভাবিকভাবে চালানো সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, গ্যাস সরবরাহ সংকট দ্রুত নিরসন না হলে বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের পাশাপাশি সঞ্চালন ব্যয়ও আরও বাড়বে। এর চাপ শেষ পর্যন্ত বিদ্যুৎ খাতের আর্থিক সক্ষমতা এবং ভোক্তা পর্যায়ের ব্যয়ের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।