ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন সংক্রান্ত আইন যুগোপযোগী করতে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার। কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের আইনি কাঠামো শক্তিশালী করতে এই কমিটি গঠন করা হয়েছে। এ জন্য The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করা হবে।
কমিটি বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে। যাতে রাজধানীতে ইমারত নির্মাণ বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুযায়ী সভা করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটিকে সাচিবিক সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।