শরীয়তপুরের দীর্ঘদিনের সড়ক যোগাযোগ-সংকট দ্রুত কাটতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি বর্ষা মৌসুম শেষ হলেই শরীয়তপুর-নাওডোবা-জাজিরা এবং শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের উন্নয়নকাজ দৃশ্যমান হবে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর ওপর নলমুড়ি-কুচাইপট্টি এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু জানান, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রকল্পের দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে আরও প্রায় তিন মাস সময় লাগবে। এ প্রক্রিয়া শেষ হলেই দরপত্র আহ্বানের মাধ্যমে অবকাঠামোগত কাজ শুরু করা হবে। অন্যদিকে, শরীয়তপুর-নাওডোবা-জাজিরা সড়কের জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতা অনেকটাই দূর হয়েছে। আগামী রোববার বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অবশিষ্ট বিষয়গুলোর নিষ্পত্তি হবে। এরপর বর্ষা মৌসুম শেষে মূল নির্মাণকাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, জয়ন্তী নদীর ওপর কাঙ্ক্ষিত সেতু নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। পাশাপাশি আবুপুর ও খুনেরচর হয়ে বরিশালের মুলাদীর সঙ্গে সংযোগ স্থাপনে আরও একটি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরে হুইপ অপু আবুপুর সংলগ্ন নদীর ওপর প্রস্তাবিত অপর সেতুর স্থানও পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সেতুর ভৌগোলিক অবস্থান, সম্ভাব্য নকশা, সংযোগ সড়কের রুট এবং বাস্তবায়নের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এর আগে সকালে ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সামন্তসার ও ইদিলপুর ইউনিয়নের চারটি পৃথক সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস. এম. রাফেউল ইসলাম, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।