ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ডামুড্যা পৌরসভার কুলকুড়ি এলাকার সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোজাম্মেল হক প্রধান ডামুড্যা উপজেলা ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এই নেতার বিরুদ্ধে সম্প্রতি ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার তথ্য-প্রমাণ মিলেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতির উদ্দেশে ককটেল বোমা মজুদ ও বিস্ফোরণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ বলেন, ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রাথমিক তদন্তে মোজাম্মেল প্রধানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি ও ক্ষতির উদ্দেশে ককটেল বোমা মজুদ এবং বিস্ফোরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।