দেশে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হয়েছে। পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে একই পদে আবেদন করে বদলি হতে পারবেন শিক্ষকরা। এ জন্য সরকার আগেই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ জারি করেছে। নীতিমালাটি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা নির্ধারিত সময়ে অনলাইনে প্রকাশ করবে। এরপর অনলাইনে বদলির আবেদন নেওয়া হবে। প্রতিবছর সরকারি প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ে আবেদন, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
প্রথম নিয়োগের পর টানা দুই বছর চাকরি করলে শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর আবার আবেদন করতে হলেও সেখানে ন্যূনতম দুই বছর থাকতে হবে। একজন শিক্ষক চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
বদলি নীতিমালা অনুসারে, আবেদনকারী প্রথমে নিজ জেলার শূন্য পদের জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলার শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। বিশেষ ক্ষেত্রে দেশের যে কোনো জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থল সংক্রান্ত জেলায় আবেদনের সুযোগ থাকবে।
একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে নারী প্রার্থী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ হবে। দূরত্ব নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদ্ধতি ব্যবহার করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যের আবেদন বাতিল হবে।
একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলি হতে পারবেন। তবে একই বিষয়ে একজনের বেশি শিক্ষক বদলির সুযোগ পাবেন না। আবেদনকারী সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন।
বদলির আবেদন নিষ্পত্তির দায়িত্ব থাকবে মাউশির মহাপরিচালকের ওপর। পুরো কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। বদলি হওয়া শিক্ষকের এমপিও, আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।
তবে বদলিকে অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলি হওয়া শিক্ষক টিএ-ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান শিক্ষককে অবমুক্ত করবেন। অবমুক্তির পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে ওই শিক্ষক বদলির যোগ্য হবেন না।
এ বিষয়ে মাউশির এক কর্মকর্তা বলেন, যত শূন্য পদ থাকবে, ততজন শিক্ষকই বদলির সুযোগ পাবেন। তবে আবেদন কেবল নীতিমালায় নির্ধারিত এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, স্কুল ও কলেজের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেলিটকের সফটওয়্যার প্রস্তুত হলেই আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষকরা শুধু তিনটি ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সেগুলো হলো নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলা।