ইরানের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনার পথে এগোতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ আগস্ট) থেকেই তেহরানের সঙ্গে নতুন দফা আলোচনা শুরু হবে বলে জানান তিনি।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, হামলার ব্যাপ্তি সম্পর্কে তারা জানত, কারণ প্রস্তুতি কীভাবে এগোচ্ছে তা তারা দেখছিল। এখন আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। আগামীকাল বিকেল থেকেই আলোচনা শুরু হবে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। কারণ সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এর আগে বহুবার ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান হতে যাচ্ছে। কিন্তু প্রতিবারই পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে তা নিয়ে তিনি সময়সীমা নির্ধারণ করতে চান না। দেখা যাক কী হয়। যখন চাই, তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না।
ট্রাম্প আরও বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো অংশীদার দেশগুলো তাকে সপ্তাহান্তে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। তার ভাষ্য, আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা হামলা না করতে বলেছে, কারণ তাদের বিশ্বাস একটি সমঝোতা হতে যাচ্ছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হবে, পারমাণবিক ইস্যুতেও চুক্তি হবে।
এই ঘোষণার পর সোমবার এশিয়ার লেনদেনে বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে ৮০ দশমিক ৭৪ ডলারে নামে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে তেলের দামে ওঠানামা চলছে। ব্যবসায়ীরা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কা করছেন। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়।
এদিকে ইরানের আধা সরকারি বার্তাসংস্থা মেহর ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি জানায়, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ স্থগিত রাখতে বলেনি। ট্রাম্পের এ দাবি নতুন আরেকটি মিথ্যা।
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পথে রয়েছে। তবে সোমবারের আলোচনা কোথায় হবে বা কারা অংশ নেবেন, তা এখনো জানাননি ট্রাম্প।