ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ ও বিনিয়োগবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের বৈঠকে দেশীয় অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বেজার গভর্নিং বোর্ডের উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে সরকারের ‘কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) মোট ১ লাখ ২৫ হাজার গাছ লাগানোর অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে বেজার নবম গভর্নিং বোর্ড সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চলের উপযোগিতা এবং অব্যবহৃত সরকারি সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের অব্যবহৃত জমিকে আধুনিক শিল্পায়নের আওতায় এনে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য নির্ধারণ করা হয়।

একই সঙ্গে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আবেদন প্রক্রিয়ার নিয়মকানুন হালনাগাদ এবং নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে আরও দৃষ্টিনন্দন, সবুজ ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।