ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে রেস্তোরাঁর ফ্রিজে পচা মাংস, জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি রেস্তোরাঁয় অভিযানে ফ্রিজে পচা ও বাসি মাংসসহ নানা অনিয়ম পাওয়া গেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আল আমিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ও রাজবাড়ী রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। অভিযানের সময় রাজবাড়ী রেস্তোরাঁর ফ্রিজে দীর্ঘদিনের সংরক্ষিত পচা ও বাসি মাংস পাওয়া যায়। এছাড়া অবিক্রীত গ্রিল বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণ মেলে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আল আমিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে রেস্তোরাঁ দুটির ফ্রিজে থাকা পচা, বাসি ও নষ্ট খাবার জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য পরিবেশনের আহ্বান জানান তিনি।