রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই প্রদর্শনীর ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে স্বাধীনতার স্মারক চত্বরে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রশিবির সেখানে জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনীর আয়োজন করে। ওই প্রদর্শনীতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা ও মীর কাসেম আলীর ফাঁসিকে জুডিশিয়াল কিলিং দাবি করে ব্যানার টাঙানো হয়।
রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা গিয়ে ব্যানার সরিয়ে ফেলার দাবি জানান। শিবির সরাতে অস্বীকার করলে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারটি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ওঠে। এর জেরে প্রথমে বাকবিতণ্ডা, হাতাহাতি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পার্কের মোড় ও প্রধান ফটক এলাকায় দুই সংগঠনের সমর্থকরা অবস্থান নেন। থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম শওকত আলী, প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান এবং ছাত্র উপদেষ্টারা ঘটনাস্থলে যান। রাত ১০টা ১৫ মিনিটে উপাচার্য কার্যালয়ে দুই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সমঝোতা বৈঠক শুরু হয়। তবে সমাধান আসেনি। এরপর রাত সাড়ে ১০টার দিকে আবার ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ বলেন, জুলাই কর্মসূচিতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার নেতাদের ছবি প্রদর্শনীতে দেওয়া হয়েছিল। ছাত্রদলের নেতারা এসে দেশীয় অস্ত্র দিয়ে প্রদর্শনী পণ্ড করার চেষ্টা করে এবং পরে বহিরাগত এনে হামলা চালায়।
শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইয়ামিন বলেন, প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের ছবি দেওয়া হয়েছিল। তা সরাতে বলায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা ও অস্ত্র নিয়ে নিরস্ত্র কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সহিংসতায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য ড. এম শওকত আলী বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পক্ষের নেতাদের নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।