ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড বেহাল, তীব্র ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভবনাথপুরগামী পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশের সংযোগ সড়কটি খানাখন্দে বেহাল হয়ে পড়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বর্ষার বৃষ্টিতে সড়কটি কাদা-পানিতে সয়লাব হয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে উপজেলা পরিষদ, সোনারগাঁ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ও বারদী ইউনিয়নমুখী প্রতিদিনের যাতায়াতে লাখো বাসিন্দা ও হাজার হাজার শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা হযরত আলী ও কলেজশিক্ষার্থী আফরিজ সুলতানা জানান, দীর্ঘদিনের অবহেলায় সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গর্ত না বুঝে সিএনজি ও মোটরসাইকেল চলাচলের সময় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নিজ এলাকা পিরোজপুর হওয়ায় তিনি দ্রুত সড়কটি সংস্কারে পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জনভোগান্তির কথা স্বীকার করে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি নিয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

সমস্যার বিষয়ে সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে তারা অবগত। সংস্কারকাজের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।