দুই বছর আগে, ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে অবসান ঘটে টানা ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের। শেখ হাসিনাসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের দেশত্যাগের মধ্য দিয়ে সেদিন ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন যুগের সূচনা হয়। কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুরু হওয়া এ সংগ্রাম দ্রুতই সর্বস্তরের মানুষের গণআন্দোলনে রূপ নেয়। এতে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।
বুধবার (৫ আগস্ট) ঢাকাজুড়ে নেমে আসা থমথমে পরিবেশের মধ্যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে মানুষের ঢল নামতে শুরু করে, যা পরে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি উদ্বিগ্ন মা-বাবা, শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ এক হয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দুপুরের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে দেশত্যাগ করেন। প্রথমে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। পরে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং তার দেশত্যাগের কথা জানান।
সেনাপ্রধানের বার্তা ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে উল্লাসের জোয়ার নামে। ছাত্র-জনতার বিশাল মিছিল গণভবনে প্রবেশ করে এবং সেখানে উৎফুল্ল জনতা উদযাপন শুরু করে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় উদ্বেলিত হাজারো মানুষের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ তখন উৎসবমুখর হয়ে ওঠে।