শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি এবং শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি।
মঙ্গলবার (৪ আগস্ট) জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর মা মঙ্গলবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিবৃতিতে শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।
শোকবার্তায় আরও বলা হয়, মরহুমার বর্ণাঢ্য জীবনের স্মৃতি পরিবার ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন—এ কামনাও করা হয়।