আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে। বিএনপি ধোঁকাবাজ। আওয়ামী লীগ যা করেছে সাড়ে ১৫ বছরে, বিএনপি পাঁচ মাসে তা দেখিয়ে দিয়েছে। বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজধানীতে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্য এই সমাবেশের আয়োজন করে।
গণসমাবেশে জামায়াতের আমির বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে ওঠেনি; এটি ছাত্র ও তরুণ সমাজের নেতৃত্বে গড়ে ওঠা একটি গণআন্দোলন। এই আন্দোলনের কৃতিত্ব জনগণের এবং নেতৃত্বের কৃতিত্ব তরুণ সমাজের। জুলাই আন্দোলনের একক মাস্টারমাইন্ড নেই। আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি নির্যাতিত মানুষ।
শহীদদের নিয়ে রাজনীতি হোক, সেটি পছন্দ করেন না বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, শহীদরা কোনো দলের নয়, জাতির সম্পদ। আহত ও পঙ্গু হয়ে যাওয়া জুলাই যোদ্ধাদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, কার সঙ্গে আঁতাত করে জনগণের দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে, সেটি তারা জানতে চান। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।
সমাবেশে বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব দাবি করেছিলেন, এখন সেগুলো হারিয়ে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করা হচ্ছে। গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান জামায়াত আমির।
গণসমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, বিভেদ সৃষ্টি করবেন না। আপনার চারপাশের লোকজন থেকেই আপনার বিপদ, আমাদের কাছ থেকে কোনো বিপদ নেই। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আজ মানুষের একটাই দাবি, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় পাঁচ বছর নয়, পাঁচ মাসের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে।
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না। গণভোট ও জাতীয় নির্বাচনকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা এবং মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতিকৃতিতে হামলার নিন্দা জানান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের যেখানেই জুলুম হবে, সেখানেই প্রতিরোধ গড়ে উঠবে। প্রয়োজনে আবার মাদ্রাসাগুলো থেকে আবাবিল রাজপথে নেমে আসবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের নেতারা।