শরীয়তপুরের জাজিরা উপজেলায় জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি ও জামায়াতের কর্মসূচি চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিজয় টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুর রহমান জুয়েলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাজিরা প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
ঘটনার পর জাজিরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করে সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরা। সংবাদ সংগ্রহ কিংবা ভিডিও ধারণের মতো পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন সংবাদকর্মীর ওপর আঘাত নয়, বরং স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও সরাসরি আঘাত।
তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ভয়ভীতি, হামলা বা হুমকি দিয়ে সত্য প্রকাশের পথ কখনো বন্ধ করা যায় না। বরং এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে নেতিবাচক বার্তা দেয়।
জাজিরা প্রেসক্লাবের নেতারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকের কলম ও ক্যামেরা সত্য তুলে ধরার শক্তিশালী মাধ্যম। হামলা কিংবা হুমকি দিয়ে সেই শক্তিকে কখনো স্তব্ধ করা সম্ভব নয়। দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে জাজিরা উপজেলার সব সাংবাদিককে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
জাজিরা প্রেসক্লাবের নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেবে।