জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে যাওয়া ১১ দলীয় জোটের পদযাত্রা পুলিশ আটকে দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। তখন সচিবালয় এলাকা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখর হয়ে ওঠে।
পদযাত্রায় নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্লোগান দেন। এ সময় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাধার পর সচিবালয়ের সামনেই সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, মিছিল থামাতে চাইলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা তার প্রতিনিধিকে আসতে হবে। জনগণের পক্ষে দাবিগুলো তাদের হাতে তুলে দেওয়ার কথা জানান তিনি। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা অন্তত ১০ মিনিট ধরে স্লোগান দেন। নাহিদ ইসলাম ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’ বলার পর উপস্থিতরা সমস্বরে ‘নইলে গদি ছাইড়া দে’ বলেন।
স্থানীয়রা জানান, বেলা দেড়টার দিকে কেউ সাড়া না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেন জামায়াত আমির। সচিবালয় থেকে হেঁটে আসতে পাঁচ মিনিটও লাগে না, অথচ ১৫ থেকে ২০ মিনিট পেরিয়ে গেলেও কেউ আসেনি বলে মন্তব্য করেন তিনি। তারা ভয় পাচ্ছে বলেও ধারণা প্রকাশ করেন। এরপর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ বিষয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সফল হলে ধন্যবাদ জানানো হবে। ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন এবং কর্মসূচির পর কর্মসূচি চলবে।