ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল

কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুলিশকে তাঁকে আটকের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে তাঁর জামিন স্থগিত করে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কলেজছাত্রী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

ঘটনার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে আসামি হাফিজুর রহমানকে আটক করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়।

পরবর্তী সময়ে গত রোববার (২ আগস্ট) হাইকোর্ট তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর গত মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

তবে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তা শুনানি শেষে বিবেচনা করে হাফিজুর রহমানের জামিন স্থগিত এবং তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।