ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন মালয়েশিয়া প্রবাসী দুই ভাই

মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়িতে ফিরেছেন মালয়েশিয়া প্রবাসী দুই ভাই। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

মালয়েশিয়া প্রবাসী এই দুই ভাই হলেন মাদারগঞ্জের চরগোলাবাড়ি এলাকার গিয়াসউদ্দিন মণ্ডলের ছেলে আল আমিন মণ্ডল ও সোলাইমান মণ্ডল।

স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে দুই ভাইয়ের মা মারা যান। জীবিত থাকা অবস্থায় তাঁর আকাঙ্ক্ষা ছিল, প্রবাস থেকে ছেলেরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে ফেরেন। মায়ের সেই ইচ্ছা পূরণ করতেই বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফেরেন তাঁরা।

এ সময় তাঁদের সঙ্গে বাবা ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে উৎসুক হাজারো গ্রামবাসী বিদ্যালয় মাঠে ভিড় জমান। পরে স্বজনরা ফুল দিয়ে দুই ভাইকে বরণ করে নেন।

প্রবাসফেরত সোলাইমান মণ্ডল জানান, তাঁদের চার ভাইই মালয়েশিয়ায় কর্মরত। মায়ের রেখে যাওয়া স্বপ্নকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার অবতরণের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণ ও প্রবীণদের অনেকেই প্রথমবারের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখার সুযোগ পান।